বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড (BPCI) আয়ারল্যান্ডে কর্মরত বাংলা ভাষার সাংবাদিক ও সংবাদকর্মীদের একটি পেশাজীবী সংগঠন। আয়ারল্যান্ডে বাংলা ভাষার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা।
৮ নভেম্বর ২০২৬ ডাবলিনের রেড কাউ হোটেলে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অভিষেকের বিস্তারিত পড়ুন।
লক্ষ্য ও উদ্দেশ্য
- আয়ারল্যান্ডে কর্মরত বাংলা ভাষার সংবাদকর্মীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা।
- সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্কের উন্নয়ন।
- তথ্যের আদান-প্রদান এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশনের পরিবেশ তৈরি।
- আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, সাফল্য, সমস্যা এবং সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা।
- আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরা।
- প্রবাসীদের অর্জন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচার করা।
আমাদের মূল্যবোধ
প্রবাসে সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; নিজ দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় পরিচয় তুলে ধরার ক্ষেত্রেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আমাদের প্রতিটি কাজের ভিত্তি পেশাদারত্ব, নিরপেক্ষতা, ঐক্য ও দায়িত্বশীলতা।